গাজা উপত্যকায় লাগাতার ইসরায়েলি হামলায় আরও ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৪০ হাজার ৮১৯ জন হয়েছে। ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিধ্বস্ত গাজা উপত্যকা
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছে। এছাড়া ৬৭ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রায় ১১ মাস ধরে চলমান এই যুদ্ধে অন্তত ৯৪ হাজার ২৯১ জন আহত হয়েছে।
অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজায় ক্রমাগত নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর ফলে দেশটি আন্তর্জাতিকভাবে নিন্দার সম্মুখীন হয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা বর্ষণের ফলে গাজার বিস্তীর্ণ অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া ইসরায়েলিদের অবরোধের কারণে যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করে যাচ্ছে।
0 Comments