ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের ক্রীড়াঙ্গনজুড়ে চলছে পরিবর্তনের হাওয়া। স্বভাবতই প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। ইতোমধ্যে সরে দাঁড়িয়েছেন বোর্ডের বেশ কয়েকজন পরিচালক। এবার তাদের পদাঙ্ক অনুকরণ করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
বিসিবি পরিচালক হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ টেস্ট দলের প্রথম অধিনায়ক। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুর্জয়। আজ বুধবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘ব্যক্তিগত কারণে আমি (বিসিবি পরিচালকের পদ থেকে) সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
পতন হওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন দুর্জয়। কিন্তু সবশেষ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি তিনি। জাতীয় সংসদে দুবার নির্বাচিত হয়েছিলেন তিনি। একই সঙ্গে বিসিবি পরিচালকের দায়িত্বও পালন করেছেন দুর্জয়। তিনি বলেছেন, ‘আমি বিসিবিকে ধন্যবাদ দিতে চাই গত এক দশক কাজ করার সুযোগ দেওয়ার জন্য।’
দুর্জয় যোগ করেন, ‘জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি ধন্যবাদ জানাতে চাই কাউন্সিলরদের, যারা আমাকে বোর্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছিলেন। ভবিষ্যতে যদি বিসিবি আমাকে প্রয়োজন মনে করে তাহলে আবারও আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চাই।’
এর আগে জালাল ইউনুস ও শফিউল আলম চৌধুরী নাদেল পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেওয়া হয়েছে। এসব ক্রীড়া সংগঠক নানা সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি ও সমর্থক হিসেবে ছিলেন। যদিও ববি আওয়ামী লীগের প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে ছিলেন না।
গত মাসের শেষ দিকে বিসিবি সভাপতি ও পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তার শূন্যস্থানে নিযুক্ত করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। বিসিবি প্রধান নির্বাচক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। পরে সরে দাঁড়ান তিনি। এবার বোর্ডের সর্বোচ্চকর্তা হিসেবে প্রত্যাবর্তন করেছেন ফারুক।
0 Comments