তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান বলে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইস্তাম্বুল পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লিরিডন রেক্সহেপি।
লিরিডন রেক্সহেপির গ্রেপ্তার
আনাদোলু সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, “লিরিডন রেক্সহেপি তুরস্কে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করতেন। মোসাদের নির্দেশে তিনি ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক বিভিন্ন অভিযান পরিচালনা করতেন।”
এমআইটি সূত্রে জানা যায়, রেক্সহেপির অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের ব্যাপারে আমরা নজরদারি চালাচ্ছিলাম। এতে দেখা যায়, যেসব এজেন্ট সিরিয়া সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দিত, তাদের কাছে টাকা পাঠানো হতো রেক্সহেপির অ্যাকাউন্ট থেকে।
গত ২৫ আগস্ট লিরিডন রেক্সহেপি তুরস্কে প্রবেশ করে। তারপর থেকেই তার কার্যক্রম ট্র্যাক করা হয়।
এমআইটি আরও জানায়, এ সময়ে তিনি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তুরস্কের ফিল্ড এজেন্টদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ স্থানান্তর করেছেন। পরে ৩০ আগস্ট এমআইটি ও ইস্তাম্বুল পুলিশ লিরিডন রেক্সহেপিকে আটক করে। আটকের পর তিনি অর্থ স্থানান্তরের কথা স্বীকার করেছেন।
এমআইটির দাবি, মোসাদ সাধারণত কসোভোর মতো পূর্ব ইউরোপীয় দেশগুলোর মাধ্যমে তুরস্কে তার ফিল্ড এজেন্টদের অর্থায়ন করে থাকে। এছাড়া কসোভো থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সিরিয়ার কর্মীদের হিসাবেও অর্থ পাঠানো হতো।
উল্লেখ্য, কিছুদিন আগেও তুরস্কে মোসাদের একটি নেটওয়ার্ক ভেঙে দেয় দেশটির পুলিশ।
0 Comments